2009-12-12
সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা নিয়ে নানা জিজ্ঞাসা
জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার নিবন্ধন গ্রহণ শুরু করেছে৷ এই প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়েছে৷ এই ব্লগ প্রতিযোগিতায় ইতিমধ্যেই বাংলা ভাষাভাষী ব্লগারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে৷ একই সঙ্গে তাদের মধ্য দেখা দিয়েছে প্রতিযোগিতা সম্পর্কিত নানা জিজ্ঞাসা৷
ব্যক্তিগত এবং গ্রুপ ব্লগ
ডয়চে ভেলের এই বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে ব্যক্তিগত বা গ্রুপ ব্লগ হিসেবে৷ অর্থ্যাৎ যে কেউ তাঁর ব্যক্তিগত ব্লগটি তুলে দিতে পারেন প্রতিযোগিতায়৷ আবার একই সঙ্গে গ্রুপ ব্লগও অন্তর্ভুক্ত করা যাবে এখানে৷ তবে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে, এটি গ্রুপ ব্লগ এবং ব্লগারের সংখ্যা একাধিক৷ সুতরাং ব্যক্তিগত এবং গ্রুপ - এ দুই ধরণের ব্লগই সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেবার দাবি রাখে৷ একইসঙ্গে বাংলায় পডকাস্ট বা ভিডিও ব্লগও আলাদা ক্যাটেগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলী জানতে ক্লিক করুন এখানে ...৷
সহযোগী
ডয়চে ভেলের এই বাংলা ব্লগ প্রতিযোগিতায় এবার সহযোগী হিসেবে রয়েছে সামহয়্যার ইন ব্লগ৷ তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, ব্লগ প্রতিযোগিতাকে উৎসাহিত করতে কিংবা আরও জনপ্রিয় করতে সামহয়্যার ইন ব্লগ ভূমিকা রাখলেও বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে সংস্থাটির কোন ধরণের হস্তক্ষেপের সুযোগ নেই৷ আর তাই, অন্যান্য ব্লগারদের মতো সামহয়্যার ইন ব্লগে নিবন্ধিত ব্লগাররাও এই প্রতিযোগিতায় হাজির হতে পারেন ব্যক্তিগত ব্লগ পাতাটি নিয়ে৷ এক্ষেত্রে কোন ধরণের প্রতিবন্ধকতা নেই৷
বিচারক মন্ডলী
ডয়চে ভেলে সেরা ব্লগ নির্বাচনের এবারের প্রতিযোগিতায় ১২ জন বিচারকের একজন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ আমাদের নিয়ম অনুযায়ী, বিচারক তাঁর নিজস্ব ব্লগ প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন না৷ বিভিন্ন ভাষায় সেরা ব্লগ নির্বাচনে এককভাবে কোন বিচারকের মতামত নয়, বরং ১২ জন বিচারকের সকলের মতামতই নেয়া হবে৷ বিচারকরা তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ভাষায় সেরা ব্লগ, পডকাস্ট, ভিডিও ব্লগ ইত্যাদি নির্ধারণ করবেন৷ সেই সঙ্গে নেয়া হবে ব্লগারদের ভোট৷ আর এই দুইয়ের সমন্বয়ে নির্ধারণ করা হবে বিভিন্ন ক্যাটেগরির বিজয়ীদের৷ প্রশ্ন আসতে পারে, বাংলা, চীনা বা অন্য কোন ভাষায় নিবন্ধিত ব্লগগুলো ভিন্ন ভাষাভাষী বিচারক মন্ডলী কিভাবে মূল্যায়ন করবে৷ ব্লগারদের নিশ্চিত করতে জানাচ্ছি, এই দায়িত্ব ডয়চে ভেলের৷ আমরা প্রয়োজন অনুযায়ী নিবন্ধিত ব্লগগুলো ভাষান্তরের মাধ্যমে সকল বিচারকের কাছে উপস্থাপন করবো৷ আর তাই, ব্লগ নিবন্ধন কিংবা ব্লগ সম্পর্কে মতামত, রেটিং জানান আপনার নিজস্ব ভাষায়৷
অন্যান্য ভাষা
আমরা শুরুতেই উল্লেখ করেছি শুধু বাংলা নয়, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ১১টি ভাষায়৷ আর তাই, বাংলা ভাষাভাষী ব্লগারদের ইংরেজি বা অন্য ভাষার ব্লগগুলোও প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারে৷ সেক্ষেত্রে পরিস্কারভাবে উল্লেখ করতে হবে, ব্লগটি কোন ভাষায়৷ অবশ্য, আমাদের উল্লেখকৃত ১১টি ভাষার বাইরে অন্য কোন ভাষার ব্লগ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না৷
বাংলা ব্লগারদের সহায়তা
ডয়চে ভেলে এই বাংলা ব্লগ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতে চায় বাংলা ভাষাভাষী ব্লগারদের৷ আর তাই, এই আয়োজনের পরিধি বাড়াতে আমরা বাংলা ব্লগারদের সহায়তা চাই৷ এই প্রতিযোগিতা আপনাদের জন্য, আন্তর্জাতিক স্তরে বাংলা ব্লগের পরিধি আরো বিস্তৃত করার জন্য৷ সুতরাং এখনই প্রতিযোগিতায় নেমে পড়ুন বাংলায় আপনার ব্লগ, পডকাস্ট কিংবা ভিডিও ব্লগটি নিয়ে৷ আর সুযোগ নিন, ২০১০ সালের জুন মাসে জার্মানির বন শহরে অনু্ষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ উপস্থিত থেকে বিজয়ীর পুরস্কার গ্রহণের৷
এই প্রতিযোগিতায় আপনার ব্লগ নিবন্ধনের জন্য ক্লিক করুন এখানে
ডয়চে ভেলে বাংলা বিভাগ সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে
2009-12-04
সেরা বাংলা ব্লগকে পুরস্কার দেবে ডয়চে ভেলে
ডয়চে ভেলের বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ পুরস্কার এর ষষ্ঠ আসরে যোগ হলো বাংলা ভাষা৷ এই সম্মাননা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের ব্লগকে বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ করে দেবে৷ আর তাই, ডয়চে ভেলের এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে আমরা চাই বাংলা ব্লগারদের সহায়তা৷
আমাদের ব্লগপিডিয়ার দিকে একবার নজর বোলান৷ সেখানে কি আপনার ব্লগটি আছে? যদি না থাকে, তাহলে এখুনি জমা দিন আপনার বাংলা ব্লগটি৷ এজন্য আমাদের ব্লগ ওয়েবসাইটের সাবমিট অংশে আপনার ব্লগ সম্পর্কে বাংলায় লিখতে হবে কয়েক লাইন৷ জানাতে হবে আপনার ব্লগটি কোন বিষয়ের উপরে৷ এরপর এই বছরের বাংলা ব্লগ প্রতিযোগিতায় নিশ্চিত করতে হবে আপনার অংশগ্রহণ৷
লক্ষ্য রাখবেন, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সেরা বাংলা ব্লগ নির্বাচনের প্রতিযোগিতায় ব্লগ নিবন্ধন গ্রহণ করবো৷ সুতরাং আপনার ব্লগটি জমা দিন এখনই৷
নতুন ক্যাটেগরি: জলবায়ু পরিবর্তন
বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ায় এখন অন্যতম আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন৷ আমরা বেস্ট অফ ব্লগ প্রতিযোগিতার অন্যান্য ক্যাটেগরির পাশাপাশি এবছর যুক্ত করেছি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ ব্লগ পুরস্কার৷ আর তাই, আপনি যদি একজন ক্লাইমেট বা জলবায়ু ব্লগার হয়ে থাকেন, তাহলে আর দেরি কেন? এখনই আমাদের প্রতিযোগিতায় জমা দিন আপনার জলবায়ু বিষয়ক বাংলা ব্লগ৷
বিজয়ী ঘোষণা
২০১০ সালের এপ্রিলে আমাদের বেস্ট অফ ব্লগস নির্বাচকরা ঘোষণা করবে বিভিন্ন ক্যাটেগরিতে সেরা ব্লগগুলোর নাম৷ ২০১০ সালের জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফেরাম-এ বেস্ট অফ ব্লগস এওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷
অন্যান্য ভাষায় বেস্ট অফ ব্লগ
ডয়চে ভেলে শুধু বাংলা নয়, আরবি, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, ইন্দোনেশিয়ান, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্পেনিশ ভাষাতেও সেরা ব্লগ নির্বাচন করবে৷ আর তাই, আপনার জমা দেয়া ব্লগটি ঠিক কোন ভাষায় তা নির্ধারণ করে দিন সতর্কতার সঙ্গে৷
2009-12-04
বেস্ট অফ ব্লগস-এ যোগ হলো বাংলা ভাষা
ডয়চে ভেলে বেস্ট অফ ব্লগস প্রতিযোগিতায় এবছর থেকে যুক্ত হয়েছে বাংলা ভাষা৷ ফলে বাংলা ভাষাভাষী ব্লগাররা বাংলা ভাষায় লেখা ব্লগ নিয়ে এবার অংশ নিতে পারবেন ব্লগিং বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতায়৷
সুতরাং বাংলা ব্লগাররা তৈরি থাকুন৷ আগামী সাত ডিসেম্বর থেকে আমরা এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় নিবন্ধন গ্রহণ করতে শুরু করবো৷ সেই সময়ের মধ্যে ঘেঁটে দেখুন আমাদের এই সাইটটি৷ আর জানান আপনাদের মতামত৷ ঠিকানা: bengali@dw-world.de